জীবননগর অফিস:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দর্শনা) আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর)
বিকেলে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রায়পুর বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মুদি দোকান, চায়ের আড্ডা, পথচারী ও বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফি, সহ-সভাপতি
সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, রায়পুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শাহাজামালসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছে।
তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে সম্ভাব্য বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বাবু খান একজন শিক্ষিত, যোগ্য ও তরুণ প্রজন্মের নেতা।
তিনি নির্বাচিত হলে এলাকার অবহেলিত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন। এজন্য তারা আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীককে সমর্থনের আশ্বাস দেন।