আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবেন না। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এ কথা পাগলেও বিশ্বাস করে না।’
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, দলটির অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলে তিনি মনে করেন। এ কারণে রাজপথের রাজনীতিতে তাঁরা অভ্যস্ত নন। সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তাঁরা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।
তিনি আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।
রাশেদ খানের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলের বিরোধী দলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবেন’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করতে তিনি জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন পরিস্থিতিতে ফেলবে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।’
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, সাবেক ছাত্রনেতা লুৎফুজ্জামান লেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।