জীবননগর কাটাপোলের কলা ব্যবসায়ী মোহাম্মদ আলী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হারালেন জীবন পরিবারে শোকের মাত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারালেন কাটাপোল গ্রামের কাঠ ও কলা ব্যবসায়ী মোহাম্মদ আলী মণ্ডল (৩৮)। এ ঘটনার সময় তার সাথে থাকা  ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী কাটাপোল উত্তরপাড়ার মৃত আলম মণ্ডলের ছেলে এবং দুই সন্তানের জনক। তিনি পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি যশোর

সাতমাইল বাজারে কলা বিক্রি করতে যান। তিনি ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে রাতে একটি যাত্রীবাহী বাসে বাড়ীর উদ্দেশে রওনা দেন।

বাসটি কোটচাঁদপুর   এলাকায়  পৌঁছালে হঠাৎ  করেই তার কোনো  সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে যাত্রী ও বাসের সুপারভাইজার বিষয়টি বুঝতে পেরে তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেন। বাসটি হাসাদাহ পৌঁছালে অচেতন অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের লোকজন প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুজ্জামান সন্টু জানান,মোহাম্মদ আলী একজন পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন ও উপার্জনের টাকা দুটিই হারিয়েছেন।

বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। বুধবার দুপুরে জানাজা শেষে কাটাপোল কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। স্থানীয়দের দাবি, চলন্ত বাসে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারটি দু:খজনক। তবে যে কোন পরিবহনে ওঠার আগে নিজেকে সতর্ক অবস্থায় রাখতে হবে এবং অপরিচিত কোন মানুষের দেয়া কোন কিছু খাওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *