অপু দাস, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৪ ব্যবসায়ীকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
অভিযান চলাকালে জানা যায়, জেলার হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লা
প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ-কে রেজিস্ট্রার আপডেট না রাখা, ক্রেতাদের ক্যাশ মেমো প্রদান না
করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলার সাধুহাটি বাজারে মেসার্স হামজা ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি
দামে সার বিক্রি, সারের স্টক রেজিস্টার না রাখা এবং ক্রেতাদের ক্যাশ মেমো প্রদান না করায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়।
একই বাজারের ফাতেহা ভ্যারাইটিজ স্টোর লাইসেন্স ছাড়া এবং ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি
করার কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শহরের থানা রোডে অবস্থিত মা বীজ ভাণ্ডার বেশি দামে পেঁয়াজের বীজ বিক্রি, বীজের
প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং বীজ ক্রয়ের যথাযথ মেমো প্রদান করতে
ব্যর্থ হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় বাজারে উপস্থিত ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণাও চালান অধিদপ্তরের
কর্মকর্তারা। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখতে হবে, এবং ক্রেতাকে অবশ্যই সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন,ভোক্তার অধিকার সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে। ভোক্তাদেরও অনিয়ম দেখলে অভিযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন,
নিয়মিত অভিযান চালানো হলে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।