অপু দাস, প্রতিনিধি, ঝিনাইদহ:-
ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্বোধন করা হলো “পূজা নিরাপত্তা অ্যাপস”। বুধবার (২৪ সেপ্টেম্বর)
সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপস উদ্বোধন করেন পুলিশ সুপার
মনজুর মোরশেদ, বিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট
ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও
নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রথমবারের মতো সারাদেশে ঝিনাইদহ জেলাতেই পরীক্ষামূলকভাবে এই মোবাইল অ্যাপস
চালু করা হলো। অ্যাপসের মাধ্যমে জেলার সকল পূজা
মণ্ডপের লোকেশন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম্বার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের যোগাযোগের নম্বর সহজেই পাওয়া যাবে।
ঝিনাইদহ জেলায় এবার প্রায় ৪৫৫টি পূজা মণ্ডপ স্থাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ গুরুত্বপূর্ণ
তথ্য এই অ্যাপসে সংযুক্ত করা হয়েছে। ফলে কোনো জরুরি পরিস্থিতি বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে পূজা মণ্ডপ
কমিটি ও সাধারণ মানুষ সরাসরি পুলিশের সঙ্গে দ্রুত
যোগাযোগ করতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন,“ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দের অংশ।
পূজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
পূজা নিরাপত্তা অ্যাপস চালুর ফলে ঝিনাইদহবাসী আধুনিক সেবার নতুন অভিজ্ঞতা লাভ করবে।”
অনুষ্ঠানে বক্তারা জানান, এ অ্যাপস শুধু নিরাপত্তাই নয়, প্রশাসনের সঙ্গে জনগণের দ্রুত সংযোগ স্থাপনে সহায়ক
হবে। দুর্গাপূজা চলাকালীন সময়ে জরুরি সহায়তা প্রদানে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সাংবাদিক, পূজা মণ্ডপ কমিটি ও জেলা পুলিশের কর্মকর্তারা একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।