বিশেষ প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৫৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। তিনি জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৫৪টি দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পূজার আয়োজনকে আরও সুন্দর করতে মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুদান পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা জানান, এ সহায়তা পূজামণ্ডপের প্রস্তুতি ও উৎসব আয়োজনের বিভিন্ন কাজে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।