অলিউর রহমান বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউনিয়নের কাশেমনগর গ্রামে রাস্তা সংকুচিত করে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করার প্রতিবাদ করায় হামলার চেষ্টা, ব্যবসাপ্রতিষ্ঠানে কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশেমনগর গ্রামের ব্যবসায়ী, যুক্তরাজ্য প্রবাসী ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরান আহমদ বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত ১৮ অক্টোবর দুপুরে উপজেলা প্রেসক্লাব বড়লেখা নেহার মার্কেট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমরান আহমদ।
লিখিত বক্তব্যে ইমরান আহমদ অভিযোগ করেন, কাশেমনগর গ্রামের ইসলাম উদ্দিন রাস্তার ওপর বেড়া দিয়ে চলাচলের পথ সংকুচিত করায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টির প্রতিবাদ করলে ইসলাম উদ্দিন দা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি বড়লেখা থানায় অভিযোগ দায়ের করেন।
ইমরান আহমদের দাবি, অভিযোগের বিষয়ে পুলিশ তদন্তে গেলে এরপর থেকে কাশেমনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলাম উদ্দিন, ওয়াহিদ আলী ও সাইফুর রহমান তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন। তাঁরা তাঁর মালিকানাধীন ওয়েস্টার্ন কংক্রিট প্রোডাক্টস ব্রিকস ফিল্ডের কর্মচারীদের কাজে বাধা দিচ্ছেন এবং কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন।তিনি অভিযোগ করে বলেন বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিূর্শন করলেও পুলিশ কোনো দৃশ্যমান আইনি ব্যবস্হা না নেওয়ায় বাধ্য হয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালগে একটি সিআর মামলা দায়ের করেন এবং মামলাটি বিচারাধীন আছে।
এ ছাড়া, অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইমরান আহমদ। এসব ঘটনার কারণে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে ইমরান আহমদ আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর প্রতি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।