জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর (ডিএনসি)।সোমবার (২০ অক্টোবর) ভোরে পৌরশহরের কোর্টপাড়া এলাকায় গোপন সংবাদের
ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন,জীবননগর থানার পুরাতন লক্ষ্মীপুর গ্রামের
জয়নাল আবেদীনের ছেলে ওসমান (৩৬) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার শ্যামলাপুর
চৌকিদারপাড়ার হাফেজ আহমেদের ছেলে মুনসুর আলম (২৪)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম
সোমবার ভোরে জীবননগর পৌরশহরের কোর্টপাড়া এলাকার হাফিজুর রহমানের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালায়।
ভবনের পূর্ব পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকা ওসমানের বাসার পশ্চিম পাশের কক্ষ থেকে ওসমান ও মুনসুরকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় তল্লাশি চালিয়ে কক্ষের ওয়ারড্রোব (কাপড় রাখার আলমারি) থেকে এক হাজার ৯০০
পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০
হাজার টাকা বলে জানান পরিদর্শক শাহ জালাল খান।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা
দায়ের করা হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জীবননগর সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের একটি গোপন নেটওয়ার্ক
সক্রিয় রয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তারা।স্থানীয় সচেতন
নাগরিক ও এলাকাবাসীরা মাদকবিরোধী এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।