জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর শহরে কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে জীবননগর বাজার কাপড় ব্যবসায়ী কমিটি-এর নিজস্ব অফিস উদ্বোধন ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে শহরের তরফদার মার্কেটের দ্বিতীয় তলায় নবনির্মিত অফিস কক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী ক্লোথ অ্যান্ড গার্মেন্টসের স্বত্বাধিকারী ও কমিটির প্রধান উপদেষ্টা হাজী আব্দুল মোতালেব হোসেন। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী ইয়াকুব হোসেন মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের সদস্য ও বিএনপি নেতা
তাজুল ইসলাম, জীবননগর কাপড় ব্যবসায়ী কমিটির সভাপতি আলমাছ উদ্দিন ডাবলু, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ওবাদুর রহমান,
যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেবী শপের স্বত্বাধিকারী ও কমিটির সদস্য ইকরামুল হক মাস্টার।
এ সময় বক্তারা বলেন, জীবননগর বাজারের কাপড় ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার
মাধ্যমেই ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে ব্যবসায়ীদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে উঠল, যা ভবিষ্যতে
ব্যবসায়িক উন্নয়ন, ন্যায্য বাণিজ্য এবং ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ভোক্তাদের প্রতি ন্যায্যতা
নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে ব্যবসায়িক শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষা করা সবার দায়িত্ব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাজী ইয়াকুব হোসেন মালিক নবনির্মিত অফিসের ফিতা কেটে উদ্বোধন
করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জীবননগর বাজারের
শতাধিক কাপড় ব্যবসায়ী উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে নতুন অফিস উদ্বোধনের মুহূর্ত উদযাপন করেন।