বিশেষ প্রতিনিধি :-
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)
ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন,দেশের সাধারণ মানুষের চাওয়া-পাওয়া খুব বেশি নয়। তারা শুধু চায়
বিএনপির নেতা-কর্মীরা যেন তাদের সম্মান করে, কোনো অপকার না করে এবং প্রশাসনিক কোনো সমস্যায় পড়লে পাশে দাঁড়ায়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাতিপোতা ইউনিয়ন
বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি
দামুড়হুদা উপজেলার আরও সাতটি ইউনিয়নে ধারাবাহিকভাবে পথসভায় অংশ নেন।
পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন,আমি যখন এখানে আসছিলাম, অনেকেই ফুলের
পাপড়ি ছুঁড়ে দিয়ে অভ্যর্থনা জানাতে চেয়েছেন। আমি তা গ্রহণ করিনি। কারণ, ফুল দিয়ে আমরা
আমাদের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাবো সেই দিন—যেদিন আমরা জনগণের মন ও আস্থা
অর্জন করতে পারবো, তাদের ভালোবাসা ফিরে পাবো, এবং ধানের শীষের পক্ষে ভোট নিয়ে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারবো।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয়
রাজনৈতিক দল। এই দলের মূল শক্তি শুধু লাখ লাখ কর্মী নয়, বরং কোটি কোটি নীরব সমর্থক, যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে।
এই সমর্থকদের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমাদের প্রধান দায়িত্ব।
জেলা বিএনপির সভাপতি বলেন, “নির্বাচনে জনগণ তখনই ধানের শীষে ভোট দেবে, যখন আমরা নেতা-কর্মীরা তাদের মন জয় করতে
পারবো। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনতে হলে আগে তাদের সম্মান দিতে হবে,
পাশে থাকতে হবে। সাধারণ মানুষের আস্থা হারালে কোনো আন্দোলন বা নির্বাচন সফল হয় না।”
তিনি আরও উল্লেখ করেন,আমাদের নেতা জনাব তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা ঘোষণা
করেছেন। এগুলো প্রতিদিন পত্রিকায় ও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। এই ৩১ দফার প্রতিটি
বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। প্রবীণ ও
নবীন সমর্থক সবার দায়িত্ব হচ্ছে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা
এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করা।”
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী ছয়বার মৃত্যুমুখে পতিত
হয়েছেন, তবুও দেশ ছেড়ে যাননি। নির্যাতন-নিপীড়নের মুখেও তিনি মনে করেছেন দেশের
মাটিতে, জনগণের পাশে থেকেই লড়াই করতে হবে। তাঁর এই ত্যাগ ও সাহসের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো বিএনপিকে বিজয়ী করা।
পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সবাই সংগঠনের ঐক্য,শৃঙ্খলা ও জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।