জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে চলমান পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ভাই-ভাইপোর হামলায় দুই চাচাসহ তিনজন মারাত্মক ভাবে আহত
হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিব(৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় দু’দফায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগে জীবননগর পৌর এলাকার মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে আমির হোসেন জানান,প্রতিপক্ষ রায়হান নবী আমার আপন ভাই,তার সাথে আমাদের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির হিস্যা ও জমি ভাগাভাগি
নিয়ে বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। মামলায় খুব শিগগিরই রায় হওয়ার সম্ভবনা রয়েছে।
অভিযোগে তিনি বলেন,ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে চলমান মামলায় হাজিরা দিয়ে জীবননগর
বাসস্ট্যান্ডে আমি, আমার ভাই সিদ্দিক ও ভাইপো উজ্জল হোসেন অবস্থান করছিলাম। এসময় রায়হান নবী ও তার ছেলে নাহিদ হাসান পাপ্পু,মেয়ে মুন্নি খাতুন এবং তার স্ত্রী নিলুফা খাতুন আমাদেরকে প্রকাশ্যে খুন–
জখমের হুমকি দেয় এবং এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। পাপ্পু আমাকে ও আমার ভাই সিদ্দিককে ও ভাইপো উজ্জলকে লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। জীবননগর বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনার
পর আমি বাড়ী সংলগ্ন স্থান জীবননগর হাইস্কুলের সামনে রাস্তায় পৌছানো মাত্র পাপ্পু,রায়হান নবী,নিলুফা ও মুন্নি আমার ওপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে জখম করে। পাপ্পু আমাদেরকে হত্যার উদ্দেশ্যেই একের পর এক লোহার রড দিয়ে হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে। ঘটনার সময় ধস্তাধস্তি করা কালে আমাদের তিনটি মোবাইল ফোন তারা নিয়ে নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শরিফউদ্দিন বলেন,আমি নিজে দেখেছি—আমির হোসেন, সিদ্দিক ও উজ্জল জীবননগর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই রায়হান নবী ও তার ছেলে পাপ্পু তাদের ওপর হামলা চালায়। এ সময়
উজ্জল ও সিদ্দিক রক্তাক্ত জখম হয়। কিছুক্ষণ পর শুনি তারা হাইস্কুলের সামনেও আমির হোসেনকে মারধর করেছে। তাদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে, এমনকি আদালতে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী ও প্রতিপক্ষ উভয়েই একই পরিবারের সদস্য। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরেই আদালতে মামলা চলমান। স্থানীয়দের ধারণা, চলমান বিরোধের উত্তেজনা থেকেই হামলার এ ঘটনা ঘটেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার বিষয়ে থানায় পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।