জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করোতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে প্রিজাইডিং অফিসার
ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত ছিলেন ৩ জন এবং জামায়াত সমর্থিত ছিলেন ৪ জন।
মোট ভোটার সংখ্যা ছিল ৪৩৫ জন। ভোটগ্রহণে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
ফলাফল অনুযায়ী,মো. আশাদুল হক (জামায়াত সমর্থিত) পেয়েছেন ২১২ ভোট, নির্বাচিত হয়েছেন প্রথম অভিভাবক সদস্য হিসেবে। মো. ছানোয়ার হোসেন (বিএনপি সমর্থিত) পেয়েছেন ২০১ ভোট,
নির্বাচিত হয়েছেন দ্বিতীয় সদস্য হিসেবে। মো. ওলিউল আলম (জামায়াত সমর্থিত) পেয়েছেন ১৯৭ ভোট, নির্বাচিত হয়েছেন তৃতীয় সদস্য হিসেবে। মো. আব্দুল হালিম মিয়া (বিএনপি সমর্থিত) পেয়েছেন ১৯৪ ভোট, নির্বাচিত হয়েছেন চতুর্থ সদস্য হিসেবে।
ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত দুইজন এবং জামায়াত সমর্থিত দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন। ফলে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে দুই দলের সমান প্রতিনিধিত্ব গড়ে উঠেছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা ছিলেন — মো. আব্দুল হালিম মিয়া, মো. ছানোয়ার হোসেন ও মো. রফিকুল ইসলাম।অন্যদিকে, জামায়াত সমর্থিত প্রার্থীরা ছিলেন — মো. আলী হোসেন, মো. আশাদুল হক, মো. ওলিউল আলম ও মো. মির্জা আহমেদ মোক্তার।
ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার জানান,পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন
নতুন নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।