আমরা খালেদা জিয়ার উত্তরসূরী জিয়াউর রহমানের কর্মী তারেক রহমানের সিপাহশালা
জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী,বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন,আমাকে দল নমিনেশন দিয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আপনাদের কাছে দোয়া চাইতে,সমর্থন চাইতে
ভোট চাইতে এসেছি। রাজনীতিতে নেতাকর্মী ও সাধারণ সমর্থকের অবস্থান ভিন্ন হলেও আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা। রোববার (৯ নভেম্বর) বিকেল
সাড়ে চারটায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিপুর-হাবিবপুর-শাখারিয়া গ্রাম এলাকা থেকে পথসভা শুরু করেন তিনি। পরে গয়েশপুর,গোয়ালপাড়া,বেনীপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পথসভায় অংশ নেন।
পথসভায় বাবু খান বলেন,আমাদের নেত্রী একজন নারী হয়েও গণতন্ত্রের প্রশ্নে জীবনবাজি রেখে অবস্থান নিয়েছেন। বারবার জীবনঝুঁকি,কারাবরণ,নির্যাতন,কিন্তু নীতি থেকে একচুলও সরেননি। আমরা তার উত্তরসূরী;শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী; তারেক রহমানের
সিপাহশালা। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা ১৭ বছর আপস করিনি। বিভিন্ন প্রলোভন, দমন–নিপীড়ন,অত্যাচার,কিছুই আমাদের নতি স্বীকার করাতে পারেনি। দলকে আমরা ভালোবাসি অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন,আজকে নির্বাচন ঘনিয়ে আসতেই অনেককে দেখা যাচ্ছে ভোট চাওয়ার নামে এমনসব প্রতিশ্রুতি দিচ্ছে যা তারা কখনো দিতে পারবে না। পবিত্র কোরআন
শরীফ ছুঁয়ে প্রতিশ্রুতি দেওয়ার মতো কাজ রাজনীতির আওতায় পড়ে না। বিএনপি বিশ্বাস করে,ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার আছে।
আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের নাগরিকএটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এটাই বিএনপির মূলমন্ত্র। পথ সভায় জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে অন্যতম-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন,জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন,সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান
গনি,সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদল,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী,উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন প্রমুখ। নেতারা বাবু খানের প্রার্থিতা ও পথসভাকে ঘিরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক বলে মন্তব্য করেন।