জীবননগর অফিস:-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানসমূহ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয় সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে অংশগ্রহণমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের ঘোষণার পর ২০০৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হচ্ছে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (UNCAC)-এ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশও প্রতিবছর এ কর্মসূচি পালন করে থাকে।
জীবননগরের মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি, না সহি দুর্নীতি’সহ বিভিন্ন শ্লোগানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। সমাজের প্রত্যেক স্তরে সততা ও জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নতুন প্রজন্মকে সচেতন এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। তিনি দুর্নীতি বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ,জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির,জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ছাত্রছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা,প্রতিষ্ঠানভিত্তিক সততা চর্চা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।