জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মোমিনপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে নিরাপদ পানির উৎস নিশ্চিত করতে টিউবওয়েল সরবরাহ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিক সোহেলী রশীদ বলেন,নিরাপদ পানির প্রাপ্যতা একটি মৌলিক অধিকার। দোস্ত এইডের এ উদ্যোগ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি সংস্থাটি ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রার) মো. সাইদুল হাসান এবং ঝিনাইদহের তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিফ আল ফারুকী। অতিথিরা তাদের বক্তব্যে মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়নের সমাজসেবক মো. আবুল হান্নান বিশ্বাস। সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ রমজান আলী,জুনিয়র এক্সিকিউটিভ আতিকুল ইসলাম, অনিম আহমেদ,শাকিব হাসান সেতু,স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী পরিবারসমূহ।
সমাপনী বক্তব্যে সংস্থাটির প্রতিনিধিরা জানান,গ্রামীণ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে টিউবওয়েল স্থাপন,পানি বিশুদ্ধকরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান।