মহেশপুর-জীবননগর সীমান্তে বিজিবির টানা অভিযানে বিপুল মাদক উদ্ধার, অবৈধ পারাপারের সময় আটক ২

শহিদুল ইসলাম মহেশপুর সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে টানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মহেশপুর উপজেলার পলিয়ানপুর, রাজাপুর, জীবননগর ও কুমিল্লাপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার সময় ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৬ বোতল ভারতীয় মদ এবং ৮৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়াও একইদিন কুমিল্লাপাড়া বিওপি এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক বৃদ্ধসহ দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টা ২১ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *