জীবননগর গোয়ালপাড়ায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

জীবননগর অফিস:-
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “গোয়ালপাড়া সর্বদলীয় মাদক নির্মূল কমিটি”র উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সেবা সংঘ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রভাষক মোহাম্মদুল্লাহর সঞ্চালনায় এবং  আব্দুস সামাদের সভাপতিত্বে ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ( তদন্ত) আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী ও বিট অফিসার আব্দুস সবুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,একটি তরুণ মাদকের নেশায় জড়িয়ে পড়লে তার শারীরিক ক্ষতির পাশাপাশি মেধা,বিবেক ও স্বপ্ন ধ্বংস হয়ে যায়। মাদকাসক্তি কোনো সমাধান নয়,বরং এটি সমাজের জন্য মারাত্মক হুমকি। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন,গোয়ালপাড়াকে মাদকমুক্ত করতে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দেন এবং এলাকাবাসীকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। বক্তারা তাদের বক্তব্যে গোয়ালপাড়াকে মাদকমুক্ত আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,সাবেক মেম্বার জহুর আলম,সাইফুর রহমান,ওবায়দুল্লাহ হালসানা,হাফিজুল ইসলাম,আবু মোতালেব,ডা.বদর উদ্দিন ও মুহাম্মাদ ইদরিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্যাম্পেইনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *