আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান মোঃ আশিকুর রহমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কোটচাঁদপুরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো।
কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আশিকুর রহমানের এ অর্জন শুধু কুশনা ইউনিয়ন নয়, পুরো কোটচাঁদপুর তথা ঝিনাইদহ জেলার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কৃতী সন্তানদের সম্মাননা জানাতে তারা পাশে থাকবে।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।