আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় (২০ এপ্রিল) সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সিভিল সার্জন ডা.কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে জেলার বর্তমান হাম পরিস্থিতি এবং টিকাদান অভিযানের প্রস্তুতি তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,ডা.ফারহানা তাসনিম,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আসিফ কাজল,সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি,সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু ও ফয়সাল আহমেদ,দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আব্দুর রহমান রাজু, রিপোর্টার ইউনিটের সভাপতি এমএ কবীরসহ অংশ গ্রহন করেন জেলার প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ দিনব্যাপী এই কর্মসূচি জেলার ৫টি উপজেলার এক হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে পরিচালিত হবে।
সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট এক লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, জেলায় এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৭৫ জন আক্রান্ত হয়েছে,যার মধ্যে ৬৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ল্যাব পরীক্ষায় ৮ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন আশ্বস্ত করে বলেন ঝিনাইদহ বর্তমানে সংক্রমণের দিক থেকে ‘গ্রিন জোনে’ অবস্থান করছে। হাম রুবেলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি বলে সিভিল সার্জন মনে করেন।