জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার ও অবৈধ সীমান্ত পারাপারে ৩ জন আটক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ (ভায়াগ্রা) উদ্ধার এবং অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়,শুক্রবার(২৪ এপ্রিল)ভোর সাড়ে ৬ টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের একটি পাকা সড়কের পাশ থেকে হাবিলদার মো. ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে,বৃহস্পতিবার(২৩ এপ্রিল)সকাল সাড়ে ১১টার দিকে একই ব্যাটালিয়নের মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি’র টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে আরেকটি অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের একটি আমবাগান থেকে ভারতে অবৈধ ভাবে প্রবেশের চেষ্টা করার সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ,একজন নারী এবং একটি শিশু রয়েছে। পুরুষ ব্যক্তির নাম উৎপল সরকার (২৮), পিতা অমূল্য সরকার, গ্রামের নাম বাঘাদিয়া, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ।

বিজিবি জানায়,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়। তিনি বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *