দর্শনা প্রেসক্লাবে হামলা: সাংবাদিক আহত মোবাইল ভাঙচুর

বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে একদল দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন এবং তার মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি প্রেসক্লাবের আশপাশে অবস্থান করছিলেন। তাদের আচরণে আপত্তি জানালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। তবে অভিযোগ রয়েছে, পরে আরও কয়েকজন ব্যক্তি জোরপূর্বক প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় হঠাৎ করে ভেতরের লাইট নিভে গেলে অন্ধকারের মধ্যে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দর্শনা প্রেসক্লাব প্রাঙ্গণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *