আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে অধিকার ও বিচারপ্রাপ্তির বিষয়ে অবহিত করতে এ আয়োজন করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসবের আয়োজন করে কমিউনিটি বেতার সংস্থা ‘রেডিও ঝিনুক’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়। রেডিও ঝিনুকের স্টেশন ব্যবস্থাপক ইমন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক মো. ওহিদুর রহমান, সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. রহিদুর রহমান এবং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।
উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল,সাংস্কৃতিক পরিবেশনা, ভিডিও চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী,কিশোরী এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান,গ্রাম আদালতের সুবিধা,বিচারপ্রক্রিয়া এবং নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারীরা সহজেই তাদের অধিকার, বিচারপ্রাপ্তির সুযোগ ও গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন বলে তারা আশা প্রকাশ করেন।