ঝিনাইদহে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসি নোমান হোসেনের ‘জিহাদ’ ঘোষণা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইদহ জেলাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এবার তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন।

সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকসহ বিভিন্ন মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, “মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সভা-সেমিনার আয়োজন করা হচ্ছে। লিফলেট বিতরণ, মাইকিং ও সমাবেশের মাধ্যমেও জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হবে।

ডিসি নোমান হোসেন আরও জানান, ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে এই অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসক সরকারি দপ্তরে দালালচক্র নির্মূলের ঘোষণা দেন। পাশাপাশি অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কাটা প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি হ্রাস এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করার জন্যও একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান।

জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, যারা মনে করছেন—এ ধরনের কঠোর অবস্থান ঝিনাইদহকে একটি সুশৃঙ্খল ও উন্নত জেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *