জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক বিরোধী সচেতনতা জোরদার করতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে গঠিত গোয়ালপাড়া সর্বদলীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি গোয়ালপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বাসিন্দা,শিক্ষার্থী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন স্লোগান দেন এবং জনসাধারণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক জহুর আলী,সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি দোস্ত মোহাম্মদ ও হাফিজুল ইসলাম,গোয়ালপাড়া মাদ্রাসার শিক্ষক মনির হোসেন, কোষাধ্যক্ষ বদর উদ্দিন, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সদস্য রকিম উদ্দিন, আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, জীবননগর উপজেলার সীমান্তবর্তী অবস্থানের কারণে এখানে মাদক পাচার ও ব্যবহার তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা সমাজের জন্য উদ্বেগজনক। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে মাদকের ঝুঁকি বাড়ছে, যা তাদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তারা আরও উল্লেখ করেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।
সচেতন মহল মনে করছে,এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।