জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেসরকারি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) পরিচালিত এই অভিযানে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকার মনোয়ারা সনো সেন্টার এন্ড নার্সিং হোমে আকস্মিক পরিদর্শন চালানো হয়। এ সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়,যা রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন,স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে জীবননগর থানা পুলিশের একটি দল।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য রক্ষায় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিয়ম-নীতির মধ্যে থেকে সেবা প্রদান করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।