নিজস্ব প্রতিবেদক:-
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সোমবার (১১ মে) সকাল ১০টায় তালা উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দীর্ঘদিন ধরে অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় থাকা তালা ডাকবাংলোর অবকাঠামোগত দুরবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য। এ সময় তিনি সরকারি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির দাপ্তরিক কার্যক্রম, আবাসন সুবিধা এবং সংস্কার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন,“তালা উপজেলার ঐতিহ্য ও প্রশাসনিক কার্যক্রমে ডাকবাংলোর গুরুত্ব অত্যন্ত বেশি। দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এখানে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বৃদ্ধি পাবে এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হক,উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী,তালা পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মহিউদ্দিন,তালা বাজার বণিক সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল্লাহ,তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন,নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান,সাংবাদিক মিলন গোলদার, মোঃ ওয়াহিদুজ্জামান রিপন, মোঃ মনিরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংসদ সদস্যের আশ্বাসে স্থানীয়দের মাঝে আশাবাদ তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলে তালা ডাকবাংলো আবারও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পাবে।