নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৩৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার ভালাইপুর বাজার ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ছোটন আলী (৩৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত শুকুর আলীর ছেলে চান্দু মন্ডল (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে ইজিবাইক চালক ছোটন আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চান্দু মন্ডলকে আটক করার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।