আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বুধবার ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়|
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার সুশান্ত কুমার প্যাল| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুজ্জামান| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান|
অনুষ্ঠানে আমন মৌসুমে ব্র্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক সার ব্যবস্থাপনা ও অধিক ফলন নিশ্চিতকরণে প্রয়োজনীয় বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| কর্মশালাটি পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান|

এসময় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কোটচাঁদপুরের সিনিয়র টিএসও মো. আল-আমিন। দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন| প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়|
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হাইব্রিড ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব|