আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের অবহেলিত ও পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির নিয়মিত মানবিক কার্যক্রম “দুই টাকায় হাসি” কর্মসূচির ২৯তম আয়োজন হিসেবে একটি বৃদ্ধাশ্রমে বিশেষ মধ্যাহ্নভোজ ও আনন্দ ভাগাভাগির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমে বসবাসরত মায়েদের জন্য গরু ও ছাগলের মাংস, ডাল, দই এবং সাদা ভাতের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। শুধু খাবার পরিবেশনেই সীমাবদ্ধ না থেকে স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মোঃ আনিছুর রহমান, সহ-সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, সহ-অর্থবিষয়ক সমন্বয়ক মোঃ শাহেদ মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়ক মোঃ সুমন হোসেন, যোগাযোগবিষয়ক সমন্বয়ক আব্দুল্লাহ, সদস্য নাছিম শাহরিয়ার, মোঃ খালিদ হাসান, মোঃ আসাদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন,“কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও ভাগাভাগি। সমাজের অনেক মানুষ নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। বিশেষ করে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় আমরা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সকল সহযোগী ও স্বেচ্ছাসেবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
স্বেচ্ছাসেবীরা জানান, পরিবারের সান্নিধ্য থেকে দূরে থাকা এসব মায়ের মুখে হাসি ফোটানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসার কারণে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অপরদিকে, বৃদ্ধাশ্রমের মায়েরা এমন উদ্যোগের জন্য প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আনন্দে তাদের পাশে দাঁড়ানো এবং আন্তরিকভাবে খোঁজখবর নেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মানবতার সেবায় নিবেদিত “দুই টাকায় হাসি” কর্মসূচির ২৯তম আয়োজন উষ্ণতা, ভালোবাসা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।