কোটচাঁদপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, উদ্ধার কাজ চলছে

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি –

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনা-রাজশাহী এবং উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করতে খুলনা থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন চাওয়া হয়েছে। উভয় দিক থেকেই উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর পূর্ণাঙ্গ উদ্ধারকাজ শুরু হবে।”

তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ করে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে খুলনা অঞ্চলের সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে সাময়িক বিঘœ সৃষ্টি হয়েছে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *