জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ‘প্রলোভনের মুখে উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। ধূমপান এবং তামাকজাত দ্রব্যের কারণে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। একই সঙ্গে তামাক চাষ পরিবেশের ক্ষতি, কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হিসেবে কাজ করে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে এবং একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *