টিকটকে পরিচয়ের জেরে দাম্পত্য কলহ: মহেশপুরে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক, এলাকায় চাঞ্চল্য

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে এক গৃহবধূ ও এক যুবককে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই গৃহবধূর সঙ্গে যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মহেশপুর উপজেলার এক প্রবাসী যুবকের সঙ্গে সাথী খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন।

অভিযোগ রয়েছে, কিছুদিন আগে টিকটকের মাধ্যমে সাথী খাতুনের পরিচয় হয় লিখন নামের এক যুবকের সঙ্গে। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়রা দাবি করেন। এ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নানা আলোচনা চলছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বুধবার রাতে সাথী খাতুনের বাড়িতে লিখনকে দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ আরও জোরালো হয়। পরে স্থানীয়রা দুজনকে আটক করে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর সাথী খাতুন ওই যুবককে বিয়ে করার ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে এ বিষয়ে তারপরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার পারিবারিক ও সামাজিক জীবনে নানা ধরনের সংকট তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন প্রবাসে থাকা পরিবারের সদস্যদের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও পারিবারিক বন্ধন আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *