জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন চাউল, ঔষধ, সার ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান।
অভিযান শেষে তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর একাধিক ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না রাখার দায়ে আশরাফুল হকের প্রতিষ্ঠান ‘আশরাফুল স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় আব্দুল হাকিমের প্রতিষ্ঠান ‘জয়া বীজ ভান্ডার’-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে আব্দুল আলীমের প্রতিষ্ঠান ‘এরিন চাউল ঘর’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র হালনাগাদ রাখার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালাম জাহান নিপা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *