জীবননগর নতুনপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৭৯৪ পিস ভারতীয় ঔষধ উদ্ধার

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৯৪ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে (০০৩০ ঘটিকায়) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপির সুবেদার মোঃ আলী হোসেন।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ৬৬/৩-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের কলমের আমবাগান এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় আমবাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি ব্যাগ থেকে মোট ৭৯৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় ঔষধগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ঔষধের বাজারমূল্য নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর ও সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *