জীবননগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা প্রসার এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন জীবননগর উপজেলা কার্যালয়।
উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আশরাফুল আলম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ জাকির উদ্দিন মোড়ল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব মুহাম্মদ আব্দুল জব্বার এবং ডাঃ রাফি আল ইমরান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার (মেডিসিন), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জীবননগর, চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আশরাফুল আলম রাসেল বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির কোনো বিকল্প নেই। শিক্ষকরা যত বেশি জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হবেন, ভবিষ্যৎ প্রজন্ম তত বেশি আলোকিত ও মানবিক হয়ে গড়ে উঠবে।”
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য নৈতিক শিক্ষা, শিশু-কিশোরদের মানসিক বিকাশ, স্বাস্থ্য সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ চর্চা, কার্যকর শ্রেণি ব্যবস্থাপনা এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ইসলামিক ফাউন্ডেশন জীবননগর উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *