চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান জিহাদ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি জাতীয় পর্যায়ের সিনিয়র ক্যাটাগরির (বিশেষ) প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে চুয়াডাঙ্গা জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
এই সাফল্যের জন্য চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার মোঃ জাহিদ হাসান জিহাদকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তার গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ গত ১৪ জুন ২০২৬ তারিখে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত উদ্ভাবক, শিক্ষার্থী ও গবেষকরা এ মেলায় অংশগ্রহণ করেন এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
মেলায় জাহিদ ও তার দল তাদের উদ্ভাবিত ‘HexaGuard Rover V1’ প্রকল্প উপস্থাপন করে বিচারকদের প্রশংসা অর্জন করে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষম বহুমুখী রোবোটিক নিরাপত্তা ও উদ্ধার ব্যবস্থা, যা দুর্যোগ, অগ্নিকাণ্ড, ভবনধস, রাসায়নিক ঝুঁকি কিংবা মানুষের জন্য
বিপজ্জনক বিভিন্ন পরিবেশে প্রবেশ করে তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে সক্ষম। রোবটটি ঝুঁকিপূর্ণ স্থানে মানুষের সরাসরি উপস্থিতির প্রয়োজন কমিয়ে জীবনরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, জাহিদ হাসান জিহাদ ও তার দল ধারাবাহিকভাবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। জাতীয় পর্যায়েও তারা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার স্বাক্ষর রেখে সিনিয়র ক্যাটাগরির (বিশেষ) প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে চুয়াডাঙ্গা জেলাকে জাতীয় অঙ্গনে বিশেষভাবে পরিচিত করেছে।
শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন উদ্ভাবনী উদ্যোগ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। জাহিদ হাসান জিহাদের এই অর্জন চুয়াডাঙ্গার শিক্ষার্থী সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত এবং জেলার জন্য এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।