কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের ৫ বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং লাশ গুমের অপরাধে আরও ৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে।

সোমবার (২২জুন) দুপুরে ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্ত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি বাদুরগাছা গ্রামে নিহত শিশুটির বাড়ির পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে ৫ বছর বয়সী শিশু তাবাচ্ছুম নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২৭ ফেব্রুয়ারি পুলিশ প্রতিবেশী যুবক আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

তদন্ত শেষে পুলিশ গত ২৬ মে আবু তাহেরকে একমাত্র আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলায় মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার চার মাসের মধ্যে রায় ঘোষণা করা হয়।

রায়ে ধর্ষণ ও হত্যার দায়ে আবু তাহেরকে মৃত্যুদন্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, “মাত্র পাঁচ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়েছে। আদালত আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করেছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *