নাশকতার মামলায় জীবননগরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার পরিবারের দাবি হয়রানি

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান (৬০) উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে একদল পুলিশ ভোরে মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে।
তবে পরিবারের দাবি, মাসুদুর রহমান আওয়ামী লীগের কোনো পদধারী নেতা নন; তিনি কেবল দলের একজন সমর্থক। তারা অভিযোগ করেন, তিনি কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘটনায় তাকে আটক করা হয়েছে, তার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণ করা সম্ভব হবে না বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে দলমত নির্বিশেষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *