বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ‘ফুটবল ভিলেজ’ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ| বিশ্বের কোটি কোটি মানুষের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও মেতেছেন উৎসবের আমেজে| আর সেই উন্মাদনার এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে ঝিনাইদহের ˆশলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে| কবি গোলাম মোস্তফার বাড়িকে কেন্দ্র করে পুরো গ্রাম সেজেছে ফুটবলের রঙে| পতাকার দোল, রঙিন দেয়ালচিত্র, বিশ্বসেরা ফুটবলারদের প্রতিকৃতি আর উৎসবমুখর পরিবেশে মনোহরপুর এখন যেন এক টুকরো ‘ফুটবল ভিলেজ’|

গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য| রাস্তার দুই পাশে উড়ছে বিভিন্ন দেশের পতাকা| আর্জেন্টিনার নীল-সাদা, ব্রাজিলের হলুদ-সবুজসহ নানা দলের পতাকায় রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা| কবি গোলাম মোস্তফার বাড়ির মূল ফটক থেকে শুরু করে আঙিনা, কাচারিঘর, বসতঘর এমনকি গাছপালাও পেয়েছে বিশ্বকাপের ছোঁয়া|

দেয়াল, গাছ ও বাঁশের খুঁটিতে শোভা পাচ্ছে লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পেসহ বিশ্ব ফুটবলের জনপ্রিয় তারকাদের প্রতিকৃতি| কোথাও ফুটবল, কোথাও বিশ্বকাপ ট্রফির প্রতীক, আবার কোথাও ফুটে উঠেছে ফুটবলপ্রেমীদের আবেগের গল্প|

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে| কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন| অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছেন কিংবা ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন মনোহরপুরের এই ব্যতিক্রমী আয়োজনের গল্প|

সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে শিশু-কিশোরদের মধ্যে| কারও গায়ে আর্জেন্টিনার জার্সি, কেউ আবার ব্রাজিলের পতাকা কাঁধে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে| ফুটবলপ্রেমের এই উৎসব যেন বয়সের সব সীমারেখা মুছে দিয়েছে|

স্থানীয়দের মতে, আয়োজনটি এখন আর শুধু একটি বাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পুরো গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে| দলভেদে সমর্থন থাকলেও সবাই আনন্দ ভাগাভাগি করছেন একসঙ্গে| সন্ধ্যা নামলেই চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন—সবখানেই জমে উঠছে বিশ্বকাপ নিয়ে আলোচনা|

স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, “বিশ্বকাপ এলেই আমাদের গ্রামে আলাদা আনন্দ শুরু হয়| তবে এবার যে সাজসজ্জা করা হয়েছে, তা আগের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে| প্রতিদিন নতুন নতুন মানুষ আসছে, গ্রামটির পরিচিতিও বাড়ছে|”

দর্শনার্থী লাবনী খাতুন বলেন, “ফেসবুকে ছবি দেখে এসেছি| এখানে এসে মনে হচ্ছে কোনো বিদেশি ফ্যান জোনে চলে এসেছি| গ্রামের মধ্যে এমন আয়োজন সত্যিই অসাধারণ|”

স্থানীয় তরুণ শাওন শ্রাবন বলেন, “আমরা চাই বিশ্বকাপের আনন্দ শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ না থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক| তাই সবাই মিলে এই আয়োজন করেছি| দর্শনার্থীদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি|”

আয়োজকদের একজন সজল হোসেন বলেন, “বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্য থেকেই এই আয়োজন| কয়েক সপ্তাহ ধরে নিজেদের উদ্যোগে বাড়ি ও আশপাশের এলাকা সাজিয়েছি| উদ্দেশ্য ছিল গ্রামে একটি উৎসবমুখর পরিবেশ ˆতরি করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা|”

বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, ততই বাড়ছে মনোহরপুরে মানুষের আনাগোনা| গ্রামবাসীরা বলছেন, বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু এই আয়োজনের স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে মানুষের মনে| কারণ এটি শুধু ফুটবলপ্রেম নয়, বরং মানুষের ভালোবাসা, ঐক্য ও উৎসবপ্রিয়তারও এক উজ্জ্বল দৃষ্টান্ত|

ফুটবলের ভাষায় যেন আজ পুরো মনোহরপুর একটাই বার্তা দিচ্ছে—বিশ্বকাপ শুধু স্টেডিয়ামে নয়, মানুষের হৃদয়ের ভেতরেও খেলা করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *