আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট| শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী|
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়| পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়| এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব মুখোমুখি হয় শেরপুর ফুটবল একাডেমির| প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব| শেষ পর্যন্ত তারা ৩-০ গোলের ব্যবধানে শেরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে|
খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিভিন্ন বয়সী শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশ ধারণ করে|
‘চলো যাই খেলা দেখি—মাদককে না বলি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নীলফামারীসহ দেশের আটটি জেলার ফুটবল দল অংশ নিচ্ছে| আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে|