ঝিনাইদহে আবাসিক এলাকা ও তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামে আবাসিক এলাকা ও তিন ফসলি কৃষিজমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (৩০ জুন) সকালে কাশিমপুর গ্রামের মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন, আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল মণ্ডল, মাহবুব মোল্লাসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী ইউনুস আলী মহাসড়কের পাশের তিন ফসলি কৃষিজমিতে একটি অটোরাইস মিল নির্মাণ করছেন। তাদের দাবি, মিলটি চালু হলে পরিবেশ দূষণ, শব্দদূষণ, ধানের তুষ ও বর্জ্যের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হবে। পাশাপাশি উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ও জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিতর্কিত স্থানে অটোরাইস মিল নির্মাণ বন্ধ করা জরুরি। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী ইউনুস আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *