আনসার সদস্যদের সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান
বিশেষ প্রতিনিধি:-
প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস) সোমবার চুয়াডাঙ্গার বিভিন্ন আনসার ইউনিট ও স্থাপনা পরিদর্শন করেছেন। সোমবার(২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ, তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত আনসার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দায়িত্ব পালন, কর্মপরিবেশ ও সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কেরু ডিস্টিলারি পরিদর্শন করেন।
এরপর রেঞ্জ কমান্ডার দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন (৯ বিএন)-এ আয়োজিত বিশেষ দরবারে অংশ নিয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সফরের শেষ পর্যায়ে তিনি চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ শৃঙ্খলা বাহিনী। বাহিনীর সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং সদস্যদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যেই খুলনা বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আনসার ও ভিডিপি সদস্য ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকটির কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রেঞ্জ কমান্ডার আরও জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সঞ্জীবন প্রকল্প’ পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নাধীন রয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এ প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ প্রকল্প সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম, কর্মকর্তা মো. আশরাফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।