অভিযোগ অস্বীকার করলেন দর্শনা যুবদল নেতা জালাল উদ্দিন লিটন

দর্শনা প্রতিনিধি:

দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন এবং বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত”।
বৃহস্পতিবার দর্শনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন লিটন বলেন, সম্প্রতি যমুনা টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে পুকুর খননের আড়ালে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
তিনি জানান, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নিয়েই নিজস্ব জমিতে পুকুর খনন ও সংস্কারের কাজ পরিচালনা করা হচ্ছে। এ কাজে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করা হয়েছে এবং অবৈধভাবে বালি বা মাটি উত্তোলন কিংবা বিক্রির অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।
জালাল উদ্দিন লিটন আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে জড়িত। তার ভাষ্য, একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী ও প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, এমডি লিংকন, মোস্তাফিজুর রহমান মোহনসহ দর্শনা থানা যুবদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জালাল উদ্দিন লিটনের বিরুদ্ধে পুকুর খননের আড়ালে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *