আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহেব আলী খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দ্বীপা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।