জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জীবননগর পৌর বিএনপি এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপির নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী নাসর ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষকদলের আহ্বায়ক ইউনুস আলী, সদস্যসচিব নাজমুস সাবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হোসেন, পৌর যুবদলের নেতা আব্দুল আলিমসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন,জীবননগর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
তিনি জনস্বার্থসংশ্লিষ্ট গঠনমূলক উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবীসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে উভয় পক্ষ উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক সমন্বয় বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।