অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় ফারুক মণ্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে|
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুন ক্ষেতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন|
আটক ফারুক মণ্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে|
পুলিশ জানায়, অভিযানের সময় বেগুন ক্ষেতের ভেতর থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম| জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা|
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ মাস ধরে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার গাছের চাষ করা হচ্ছিল| বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে| তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|”