সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জীবননগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

জীবননগর অফিস:
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জীবননগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আবুল বাশার দাবি করেন, একটি কুচক্রী মহল এবং সোহানুর জামান নামে এক ব্যক্তি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছেন। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে তাঁকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, “আমি কখনো মাদক ব্যবসা বা কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা থাকলে আইন অনুযায়ী জবাবদিহি করতে আমি প্রস্তুত।” একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিচার-সালিশ পরিচালনা সংক্রান্ত অভিযোগও তিনি অস্বীকার করেন।

আবুল বাশার আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবামূলক কাজ করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি তাঁর মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য তৈরি, প্রচার ও শেয়ারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো আবুল বাশারের ব্যক্তিগত বক্তব্য। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *