দামুড়হুদা সীমান্তে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮ স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিওপির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে মিজানুর রহমান (৬১)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মুন্সিপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করেন।
অভিযান চলাকালে কার্পাসডাঙ্গা বাজার দিক থেকে একটি মোটরসাইকেলে আসা মিজানুর রহমানকে সন্দেহজনক মনে হলে থামানো হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়ান (DY-50) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতেই এ সফল অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *