ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শৈলকুপা উপজেলার ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
বক্তারা বলেন, শৈলকুপা উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা সদর দূরে হওয়ায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় সরকারি সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে নতুন উপজেলা ও পৌরসভা গঠন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।
তাদের দাবি, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা এবং পৌরসভা ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে। এতে সরকারের সেবাও সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এলাকার সার্বিক উন্নয়ন, সুষম প্রশাসনিক বিকাশ এবং জনসাধারণের নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।