ফুটবল খেলায় আহত সাংবাদিক সাইদুর রহমানকে দেখতে গেলেন মেয়র প্রার্থী শাহজাহান মিয়া, দ্রুত সুস্থতা কামনা

জীবননগর অফিস:
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে আহত হওয়া দৈনিক সন্ধ্যাবাণীর জীবননগর প্রতিনিধি ও জীবননগর খেলাঘরের স্বত্বাধিকারী সাইদুর রহমানের খোঁজখবর নিয়েছেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জীবননগর প্রেসক্লাব ও প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ছিল দুই প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার একটি ব্যতিক্রমী আয়োজন। খেলার শেষ মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে বলের দখল নিতে গিয়ে দুর্ঘটনাবশত আহত হন সাইদুর রহমান।
তাৎক্ষণিকভাবে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার জীবননগর কেয়ার সনো সেন্টারে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রোকুনুজ্জামান রুবেলের তত্ত্বাবধানে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।
সাইদুর রহমান আহত হওয়ার খবর পেয়ে কেয়ার সনো সেন্টারে ছুটে যান জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী শাহজাহান মিয়া। তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সাইদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে সাহস ও সান্ত্বনা প্রদান করেন।
এসময় শাহজাহান মিয়া বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। এমন একটি সুন্দর আয়োজনের শেষ মুহূর্তে দুর্ঘটনাবশত সাইদুর রহমান আহত হয়েছেন, যা সত্যিই দুঃখজনক। আমি তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। তিনি যেন অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবন, সাংবাদিকতা এবং খেলাধুলার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসতে পারেন, সেই দোয়া করি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তারা নিষ্ঠার সঙ্গে তুলে ধরেন। তাই সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাংবাদিক সমাজের যেকোনো প্রয়োজন ও কল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে সাইদুর রহমানের আহত হওয়ার ঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন,চিকিৎসকদের পরামর্শ মেনে চললে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও পেশাগত দায়িত্ব ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। আহত সাংবাদিক সাইদুর রহমানের আশু সুস্থতা কামনা করেছেন দৈনিক গঞ্জেরখবর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *